ঢাকার পল্টন ও চট্টগ্রামের হাটহাজারী থানায় করা সহিংসতা, নাশকতা ও বিস্ফোরক আইনের পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক। এসব মামলায় তার জামিন প্রশ্নে দেওয়া রুল মঞ্জুর করে গতকাল বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, ২০১৩ সালের ৫ মে রাজধানীতে হেফাজতের তা-ব ও সহিংসতার ঘটনায় পল্টন থানায় করা দুটি মামলা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতা ও নাশকতার ঘটনায় ২০২১ সালের ২৬ মার্চে করা একটি মামলা, ২৯ মার্চ পল্টন থানায় করা একটি মামলা, ২৬ মার্চ একই থানায় করা আরেকটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন মামুনুল।
তার আইনজীবী অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লা দেশ রূপান্তরকে বলেন, ‘মামুনুল হক দুই বছর ধরে কারাগারে আছেন। কিন্তু এই সময়েও আইনের বিধান মেনে পুলিশ এসব মামলায় অভিযোগপত্র দিতে পারেনি। আমাদের যুক্তি শুনে হাইকোর্ট জামিন দিয়েছেন।’
তিনি বলেন, মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ, নাশকতা, রাষ্ট্রদ্রোহ ও বিস্ফোরক আইনসহ ৪১টি মামলা রয়েছে। এর মধ্যে ১৮টি মামলাতে তিনি জামিন পেয়েছেন। ২০২১ সালের ১৮ এপ্রিল মামুনুল হককে মোহাম্মদপুরের একটি মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।