রেস্তোরাঁ নয়, স্টেডিয়ামে ডেটিং পরিণীতি-রাঘবের!

মুম্বাইতে এক ডিনার ডেটের পর থেকে অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়। সম্প্রতি তাদেরকে আবারো ডেটে দেখা গেল। তবে কোন রেস্তোরাঁতে নয়, স্টেডিয়ামে। ‘চর্চিত প্রেমিকা’কে সঙ্গে নিয়ে আইপিএলের ম্যাচ দেখলেন রাঘব।

বুধবার মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের আইপিএল ২০২৩ ম্যাচ দেখতে এসেছিলেন তারা। স্টেডিয়াম থেকে তাদের ছবি ভাইরাল সোশ্যালে। দুজনেই এদিন এসেছিলেন কালো পোশাকে। এর আগেও তাদের একই রঙের পোশাকে টুইনিং করতে দেখা গিয়েছে।

অনলাইনে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে স্টেডিয়ামে দুজনকে একসঙ্গে দেখে খেলা দেখতে আসা জনতা উত্তেজিত হয়ে পড়ে। চিৎকার করে তারা পরিণীতি ‘ভাবি’ বলে ডাকতে শুরু করেন। আর তা শুনে অভিনেত্রীর লাজুক হাসি আর গাল লাল হয়ে যাওয়াও চোখ এড়ায়নি।

আপাতত খবর বলছে, আগামী ১৩ মে বাগদান সারবেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। দিল্লিতে হবে সেই শুভকাজ। আর বিয়ে হবে অক্টোবরে। শোনা যাচ্ছে তুতো বোনের বিয়েতে যোগ দিতে পারেন প্রিয়াঙ্কা চোপড়াও। কারণ, জিও মামি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে তখন ভারতে থাকবেন প্রিয়াঙ্কা।