জাতীয় দলে জায়গা পেতে চান সাকিব

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে লাল বলের সিরিজে ডাক পেয়েছেন আবাহনীর তানজিম হাসান সাকিব। জাতীয় দলে খেলার সম্ভাবনাটা যুব বিশ্বকাপ জয়ী এ পেসারের জন্য এখনও কিছুটা দূরের ব্যাপার। তবে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভালো করে সেই সম্ভাবনা উজ্জ্বল করতে চান তিনি। আসতে চান জাতীয় দলের আরও কাছে।

তাসকিন-এবাদত-হাসান-মোস্তাফিজদের নিয়ে গড়া জাতীয় দলের পেস বোলিং ইউনিট এখন দারুণ কার্যকর। লাল বলের জন্য রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ এবং সব ফরম্যাটের জন্য শরিফুল ইসলাম আছেন সেরাদের পরের কাতারে। এই তালিকায় সাকিবের অবস্থানটা একটু দূরে।

তবে সাকিবের বিশ্বাস প্রাপ্ত সুযোগ কাজে লাগিয়ে জাতীয় দলের জন্য তৈরি করবেন নিজেকে, ‘দেখুন এটা আমার জন্য ভালো হয়েছে যে আমাকে লাল বলের ফরম্যাটে সুযোগ দেয়া হয়েছে। আমি লাল বলে বোলিং করা উপভোগ করি। এতে আমার জন্য নিজেকে মেলে ধরা সহজ হবে। আশা করি ‘এ’ দলের হয়ে সিরিজটা খুব ভাল করতে পারব। সিলেটের পিচে এখন পেসও ধরে তাই আমার আশাও বেশি।’

জাতীয় দল থেকে একটু দূরে থাকলেও সাকিব ২০২০ সালে যুব বিশ্বকাপ জয়ের পর থেকেই নির্বাচকদের চোখে আছেন। নিয়মিত হাই পারফরম্যান্‌স দলের হয়ে খেলছেন। সফরকারী দলের বিপক্ষে হোমে প্রস্তুতি ম্যাচে সুযোগ পেয়েছেন। এবার ‘এ’ দলের হয়ে ভাল করে আরেকধাপ উপরে উঠতে চান এই পেসার।