রূপপুরের গ্রিন সিটিতে রাশিয়ান নারী কর্মকর্তার লাশ

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আবাসিক গ্রিন সিটি থেকে রাশিয়ান নারী কর্মকর্তার মরদেহ উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার সকালে গ্রিন সিটি ভবনের ১৪৬ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ওই নারীর নাম রিয়াবোভা গুলনারা (৫১)। তিনি প্রকল্পের মূল ঠিকাদারী প্রতিষ্ঠান এটমস্ট্রয় এক্সপোর্ট (এএসই) প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, রিয়াবোভা গুলনারা প্রতিদিনের মতো কাজ শেষে বুধবার রাতে নিজ কক্ষে ঘুমাতে যান। এরপর আর কক্ষ থেকে বের হননি। বৃহস্পতিবার সকালে সহকর্মীরা তাকে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ময়নাতদন্তর প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।