ভূঞাপুরে হামলা-ধাওয়া

সংবাদ প্রকাশ করায় প্রেস ক্লাব গুঁড়িয়ে দেওয়ার হুমকি

‘মে দিবসে ভাড়া বাড়ালেন পরিবহন শ্রমিক নেতা’ শিরোনামে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পরদিন গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় টাঙ্গাইলের ভূঞাপুর প্রেস ক্লাবে হামলা চালানো হয়েছে। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া দেওয়া হয় সাংবাদিকদের।

এসময় ‘সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ভূঞাপুর’ উপজেলা শাখার সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমানে কার্যকরী কমিটির সদস্য এবং জেলা পরিষদের সাবেক সদস্য আজহারুল ইসলাম ২৪ ঘণ্টার মধ্যে ভূঞাপুর প্রেস ক্লাবটি গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন। জানা যায়, বেলা ১১টায় আজহার এবং খন্দকার জাহিদ শ্রমিকদের নিয়ে প্রথমে সংবাদকর্মীদের বিরুদ্ধে মিছিল করে। একপর্যায়ে ভূঞাপুর প্রেস ক্লাব ভেঙে দেওয়ার জন্য শ্রমিকদের নির্দেশ দেন। শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে ভেঙে দেওয়ার জন্য প্রেস ক্লাব প্রাঙ্গণে যায় এবং দৈনিক সময়ের আলো পত্রিকার ভূঞাপুর প্রতিনিধি আরিফুজ্জামান তপুর ওপর আক্রমণের উদ্দেশে ধাওয়া করে।

ভূঞাপুর থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভূঞাপুর প্রেস ক্লাব থেকে একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।