ঝিনাইদহে পানচোর সন্দেহে গণপিটুনিতে বৃদ্ধ নিহত

ঝিনাইদহের কালীগঞ্জের শালিখা গ্রামে পান চুরির সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে সূর্য্যমান (৬২) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামের রাম চন্দ্রমানের ছেলে।

স্থানীয়রা জানায়, গত বুধবার সকালে পান চুরি করতে গিয়ে ধরা পড়েন সূর্য্যমান। এরপর গ্রামবাসীর গণপিটুনিতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজোয়ান আহমেদ জানান, ওই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় বুধবার সকালে হাসপাতালে আনা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।