স্টিল মিলে বিস্ফোরণে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল মিলে লোহা গলানোর সময় চুল্লিতে বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ভুলতায় এলাকায় রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড নামক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, দগ্ধ ছয়জন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তিনি জানান, নিহত শ্রমিকের নাম শংকর (৪০)। আর দগ্ধরা হলেন জুয়েল (২৫), রাব্বি (৩৫), ইব্রাহিম (৩৫), ইলিয়াস (৩৫), নিয়ন (২০) ও আলমগীর (৩৩)। তারা প্রত্যেকেই ওই কারখানার শ্রমিক।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে পাঁচজনের শরীরের ৯০ থেকে ৯৭ শতাংশ দগ্ধ হয়েছে।

পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, লোহা গলানোর কারখানাটি এখনো নির্মাণাধীন। পরীক্ষামূলকভাবে লোহা গলানোর কাজ চলছিল। বিকেল সাড়ে ৩টার দিকে লোহা গলানোর চুল্লিতে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর উত্তপ্ত গলিত লোহা পড়ে সাতজন গুরুতর দগ্ধ হন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের সুপারভাইজার শফিকুল ইসলাম জানান, ছয় মাস আগে এখানে লোহা উৎপাদনের কাজ শুরু হয়েছে। কারখানাটিতে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা আছে। শ্রমিকরাও সেফটি জ্যাকেট পরে ছিল।

আড়াইহাজার ফায়ার সার্ভিস দলের সাব অফিসার শহীদ আলম বলেন, বিকেল ৩টায় ঘটনা ঘটলেও পুলিশ এবং ফায়ার সার্ভিসকে তারা অনেক পরে জানায়।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, এখন পর্যন্ত একজন মারা গেছেন।