গর্ভে থাকা শিশুর মস্তিষ্কে অস্ত্রোপচার

মায়ের গর্ভেই অনাগত শিশুর মস্তিষ্কের জটিল অস্ত্রোপচার করলেন চিকিৎসকরা। আশা জাগানিয়া ঘটনাটি যুক্তরাষ্ট্রের বোস্টনের এক হাসপাতালের। এ ধরনের অস্ত্রোপচারের ঘটনা এটিই বিশ্বে প্রথম।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, মায়ের গর্ভে স্বাভাবিকভাবেই বেড়ে উঠছিল শিশুকন্যা ডেনভার। কিন্তু আলট্রাসাউন্ড করার সময় চিকিৎসকরা জানতে পারেন যে তার মস্তিষ্কের রক্তনালিতে সমস্যা রয়েছে। অনেক শিশুই গর্ভস্থ থাকার সময় এই রোগে আক্রান্ত হয়। জন্মের পর তাদের অনেকেই আর বাঁচে না। পরবর্তী সময়ে ডেনভারের হার্টের সমস্যাও দেখতে পান চিকিৎসকরা। সঙ্গে রক্তনালির সমস্যা আরও বাড়ছিল। মস্তিষ্কের এই সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে ‘ভেনাস অব গ্যালেন ম্যালফরমেশন’। মস্তিষ্ক থেকে যেসব রক্তনালি হৃৎপিণ্ডে রক্ত পৌঁছে দেয়, সেগুলো সঠিকভাবে গঠিত না হলে এই সমস্যা তৈরি হয়। এর ফলে রক্তনালি এবং হৃৎপিণ্ডে চাপ পড়ে, যা একাধিক শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে।

গর্ভে থাকার সময় ৩৪ সপ্তাহে ডেনভারের মস্তিষ্কের অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। ইউটেরাসে থাকা অবস্থায় আলট্রাসাউন্ডের সাহায্য নিয়ে রক্তনালির অস্ত্রোপচার করা হয়। এখন সে সুস্থ। জানা গেছে, সফল অস্ত্রোপচারের দুই দিন পর ওই নারীর সন্তান প্রসব করান চিকিৎসকরা। জন্মের সময় ওই শিশুর ওজন ছিল ৪.২ পাউন্ড বা এক কেজি ৯০০ গ্রাম, যা স্বাভাবিকের চেয়ে বেশ কম। তবে তার স্নায়ুগত সমস্যাগুলো খুবই সীমিত ছিল। জন্মের তিন সপ্তাহ পরে, শিশুটির কোনো কার্ডিওভাসকুলারের সহায়তার প্রয়োজন হয়নি। এমআরআই স্ক্যানেও মস্তিষ্কে অস্বাভাবিক রক্ত প্রবাহের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

ডা. অরবাক বলেন, আমরা এটা দেখে রোমাঞ্চিত হয়েছি যে, (এই সমস্যায় আক্রান্ত শিশুদের ক্ষেত্রে) সাধারণত জন্মের পর খুব দ্রুত অবস্থার অবনতি হয়, কিন্তু এ ক্ষেত্রে তেমনটি দেখা যায়নি। বর্তমানেও সুস্থ রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, শিশুর ছয় সপ্তাহ বয়সে আমরা এটা জানাতে পেরে আনন্দিত যে, শিশুটি লক্ষণীয়ভাবে শারীরিক উন্নতি করছে, কোনো ওষুধ ছাড়াই, স্বাভাবিকভাবে খাচ্ছে এবং ওজন বাড়ছে। তাকে বাড়িতে নেওয়া হয়েছে। বর্তমানে তার মস্তিষ্কে কোনো নেতিবাচক প্রভাবের লক্ষণ দেখা যাচ্ছে না।