স্কুল ব্যাগে ৫০ হাজার পিস ইয়াবা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসে স্কুল ব্যাগে করে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাচারকালে রাজধানীর মতিঝিল এলাকা থেকে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গ্রেপ্তার ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৩৯)। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর।

শুক্রবার রাতে রাজধানীর মতিঝিল এলাকা থেকে সাইফুলকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য মতে মতিঝিল দিলকুশা বাণিজ্যিক এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নিচতলা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

ডিএনসির ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক শামীম হোসেন দেশ রূপান্তরকে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয় বেশ কিছু দিন ধরে সাইফুলের কার্যক্রম ও গতিবিধি মনিটরিং করে আসছিল। ডিএনসির কাছে তথ্য আসে কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান কুরিয়ারে মাধ্যমে ঢাকা হয়ে মাদারীপুর যাবে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাজধানীর মতিঝিল থানা এলাকার শাপলা চত্বর থেকে সাইফুলকে আটক করে দেহ তল্লাশি করে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর একটি পণ্য চালানের কপি পাওয়া যায়। ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায় তার একটি বড় মাদকের চালান মতিঝিল থানাধীন ৫ নম্বর দিলকুশা বাণিজ্যিক এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিস সেন্টার থেকে বুঝে নেয়ার কথা। পরে সেখানে গিয়ে একটি বস্তার ভেতর ৫০টি স্কুল ব্যাগের মাঝখানে বিশেষ ভাবে লুকানো অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।