কুরিয়ারে পাঠানো স্কুলব্যাগে ৫০ হাজার ইয়াবা

কুরিয়ার সার্ভিসে স্কুলব্যাগের মধ্যে ৫০ হাজার পিস ইয়াবা পাচারকালে রাজধানীর মতিঝিল থেকে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তার নাম সাইফুল ইসলাম (৩৯)। বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর। গতকাল শুক্রবার রাতে সাইফুলকে গ্রেপ্তারের পর মতিঝিলের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নিচতলা থেকে ওই ইয়াবা চালান উদ্ধার করা হয়।

ডিএনসির ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক শামীম হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে সাইফুলের কার্যক্রম ও গতিবিধি মনিটরিং করা হচ্ছিল। ডিএনসির কাছে তথ্য আসে কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান কুরিয়ারে মাধ্যমে ঢাকা হয়ে মাদারীপুর যাবে। এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর মতিঝিল থানা এলাকার শাপলা চত্বর থেকে সাইফুলকে আটক করে দেহ তল্লাশি করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পণ্য চালানের কপি পাওয়া যায়। ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায় তার একটি বড় মাদকের চালান মতিঝিল থানাধীন ৫ নম্বর দিলকুশা বাণিজ্যিক এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিস সেন্টার হতে বুঝে নেওয়ার কথা। পরে সেখানে গিয়ে একটি বস্তার ভেতর ৫০টি স্কুলব্যাগের মাঝে বিশেষভাবে লুকানো অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।