এশিয়ান গেমসে জামালরা বাদ, খেলবেন সাবিনারা

সেপ্টেম্বরে হতে যাওয়া এশিয়ান গেমসের ফুটবল ডিসিপ্লিনে ছেলেদের ইভেন্টে অংশ নেবে না বাংলাদেশ। ছেলেদের না পাঠিয়ে মেয়েদের ইভেন্টে দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশের (বিওএ) শনিবারের সভায় এ সিদ্ধান্ত হয়।

এশিয়ান গেমসের শেফ দা মিশন ও বিওএ কোষাধ্যক্ষ এ. কে. সরকার সংবাদমাধ্যমকে জানান, ছেলেদের বদলে মেয়েদের ফুটবল ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ।

এ ছাড়া মোট ১৭টি ডিসিপ্লিনে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে একটি ডিসিপ্লিন বেড়েছে, যোগ হয়েছে বক্সিং। অর্থাৎ মোট ১৮টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ।

এ. কে. সরকার বলেন, ‘আগে ১৭টি ডিসিপ্লিনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এবার একটা বেড়েছে, সেটা হচ্ছে বক্সিং। আর ছেলেদের ফুটবল দল পাঠানো হবে না, এমন একটা সিদ্ধান্ত হয়েছে। তবে মেয়েদের ফুটবল দল যাবে; সিদ্ধান্ত এতটুকুই।’

চীনের হাংজুতে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমসের আসর। মূলত গত বছর আয়োজিত হওয়ার কথা ছিল এশিয়ার বৃহত্তম এই ক্রীড়া আসর। কিন্তু করোনাভাইরাসের থাবায় তা পিছিয়ে যায়।