হানি সিংকে নিয়ে মুখ খুললেন নুসরাত

কিছুদিন আগে প্রেমিকা টিনা থাড়ানির সঙ্গে বিচ্ছেদ হয়েছে। এরপরই নাকি বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচার সঙ্গে প্রেম করছেন র‌্যাপার হানি সিং। গোপনে নাকি তারা প্রেমও করছিলেন। অনেকে হানি-টিনার বিচ্ছেদের জন্য দায়ী করছিলেন নুসরাত ভারুচার সঙ্গে তার প্রেমকে। এতদিন এ নিয়ে মন্তব্য করেননি নুসরাত। কিন্তু এবার আর চুপ থাকতে পারলেন না এ অভিনেত্রী। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে কথা বলেন হানি সিংয়ের সঙ্গে প্রেম নিয়ে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এ সাক্ষাৎকারে হানি সিংয়ের সঙ্গে তার সম্পর্ককে গুজব বলে উড়িয়ে দেন। তিনি বলেন, ‘শেষ পর্যন্ত আমার জীবনেও প্রেম নিয়ে গুজব ছড়াল। এটাই আমার প্রেম নিয়ে ছড়ানো প্রথম গুজব।’ অভিনেত্রী প্রথম বললেও ক্যারিয়ারের শুরুর দিকে কার্তিক আরিয়ানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। মজার ছলে না বললেও প্রেমের কথা সরাসরি অস্বীকার করেননি। তিনি বলেন, ‘এই গুজব আমি উপভোগ করছি। বেশ মজা লাগছে। এখন কেউ জিজ্ঞেস করলে বলতে পারব, আমার প্রেমের গুঞ্জন রয়েছে।’ আসলেই কি প্রেম করছেন তারা এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, ‘মানুষ অনুমান করতে ভালোবাসে। অনুমান করেই তারা খুশি। তাই তারা যা ভাবার ভাবুক, আমার কোনো সমস্যা নেই।’ নেটিজেনরা নুসরাতের কথা বিশ্বাস করছেন না। কারণ, প্রায়ই নুসরাত ও হানিকে একসঙ্গে দেখা যায়। কিছুদিন আগে একটি নাইট ক্লাব থেকে একসঙ্গে বের হতে দেখা গেছে তাদের। ২০২১ সালে হানি সিংয়ের এক মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল নুসরাতকে।