প্রথম পর্বে কিংস অ্যারেনায় একপেশে লড়াইয়ে মোহামেডানকে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এবার সাদা কালোরা কিছুটা প্রতিরোধ গড়লেও তাতে শেষ রক্ষা হয়নি। মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে শেখ রাসেল।
প্রথম পর্বে ২-০ গোলের জয়ে দুটো গোলই করেছিলেন এমফন উদোহ। গতকাল কুমিল্লার স্টেডিয়ামে তিনিই এনে দিয়েছেন জয়। দ্বিতীয়ার্ধের শুরুতে জামাল ভূঁইয়ার বদলি নামেন নিহাদ জামান উচ্ছ্বাস। চার মিনিট পর ডান দিকের কর্নারের প্রান্ত থেকে এই ফরোয়ার্ডের কাটব্যাক খুঁজে পায় বক্সে ভালো অবস্থানে থাকা ইকেচুকু কেনেথকে। নিখুঁত নিচু শটে জাল খুঁজে নেন নাইজেরিয়ান এই ফরোয়ার্ড। লিগে ধুঁকতে থাকা মোহামেডান স্বস্তি পেয়েছিল এমানুয়েল সানডের গোলে। কিন্তু তা উবে যেতেও সময় লাগেনি। ৭৮ মিনিটে এমফন উদোহ লিগে তার ১০ম গোল করেন।