কোহলির রেকর্ডের ম্যাচে দাপুটে জয় দিল্লির

বিরাট কোহলি ও মহিপাল লোমরোর ব্যাটে চ্যালেঞ্জিং পুঁজিই গড়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কোহলি তো অনন্য এক রেকর্ডও গড়েন। তবে ম্যাচ শেষে হাসতে পারেননি তিনি। নিজেদের মাঠে দিল্লি ক্যাপিটালস ম্যাচটা জিতে নিয়েছে বেশ দাপটের সঙ্গে।

আইপিএলে শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতেছে দিল্লি। ১৮২ রান তাড়া করতে নেমে ১৬.৪ ওভারেই ম্যাচ জিতে নেয় তারা। ১৭তম ওভারে গ্লেন ম্যাক্সওয়েলকে ছক্কা হাঁকিয়ে রাইলি রুশো দলের জয় নিশ্চিত করেন।

২২ বলে অপরাজিত ৩৫ রান করেন রুশো। অক্সর প্যাটেল ৩ বলে ৮ রান করেন। তবে বাজিমাত করেছেন আসলে ফিল সল্ট। ৪৫ বলে ৮৭ রানের ইনিংসে দিল্লিকে জয়ের ভিতটা দেন তিনিই।

এর আগে কোহলির ৪৬ বলে ৫৫, লোমরোর ২৯ বলে অপরাজিত ৫৪ ও ফ্যাফ ডু প্লেসির ৩২ বলে ৪৫ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ১৮১ রানের পুঁজি গড়ে বেঙ্গালুরু।

কোহলি তার ইনিংসের পথে আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৭ হাজার রানের মাইলফলক গড়েন।

আসরের শুরু থেকেই ব্যাকফুটে থাকা দিল্লি এনিয়ে চতুর্থ জয়ের মুখ দেখল। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে নবম স্থানে দলটি। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরুর অবস্থান পঞ্চম।