আইনমন্ত্রী বললেন

জামায়াতের বিচারে আন্তরিকতার প্রশ্ন তোলা দুঃখজনক

মুক্তিযুদ্ধের সময় সংগঠন হিসেবে মানবতাবিরোধী অপরাধকারী জামায়াতের বিচার নিয়ে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলা দুঃখজনক বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, বিচারের জন্য সংশ্লিষ্ট আইন সংশোধন প্রক্রিয়াধীন। গতকাল শনিবার সিনিয়র সহকারী জজ/ সমপর্যায়ের বিচারকদের ‘১৪৮তম রিফ্রেসার কোর্স’র উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

জামায়াতের বিচারে সরকার আন্তরিক কি না এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘এটা মনে হওয়া তো আমাদের জন্য দুঃখের। তার কারণ হচ্ছে, এই সরকারই কিন্তু মানবতাবিরোধী অপরাধীদের বিচার করেছে এবং তারা কিন্তু জামায়াতের হোতা ছিল। তারা জামায়াতের প্রতিষ্ঠাতা ছিল। সেই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন আমরা এই ব্যাপারে উদ্যোগী নই সেটা আমাদের জন্য দুঃখজনক।’

জামায়াতের বিচার কেন হচ্ছে না এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে মানবাধিকার লঙ্ঘনের কারণে বিচার হওয়ার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে যেটা ছিল সেটা কিন্তু এই বিচারের জন্য যথেষ্ট নয়। এটা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সংশোধনের প্রক্রিয়াটা চলছে। আমি এটুকু বলতে পারি।’