ঢাকা হকার্স সমিতি অফিসে হামলা

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার এ হামলা ঘটনায় ১২ হকারকে গ্রেপ্তার করে মতিঝিল থানা-পুলিশ। গতকাল শনিবার তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালতে হাজির করলে উভয়পক্ষের শুনানি শেষে ১২ জনের জামিন মঞ্জুর করে আদালত।

তারা হলেন, সারোয়ার হোসেন, তৈয়ব হোসেন লাভলু, শফি উল্লাহ, শামীম হোসেন, হাফিজুর রহমান, জিয়া উদ্দিন বাবলু, আহসান উল্যাহ, আল আমিন, আব্বাস সিকদার, কাশেম শিকদার, আরিফুল ইসলাম তপু ও সেজান ইমরান পিয়াস।

জামিন আদেশে বলা হয়েছে, আসামিদের বিরুদ্ধে ৩৮০ ধারা ছাড়া সব ধারা জামিন যোগ্য। ৩৮০ ধারায় আসামিদের ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। তবে চোরাই করা মালামাল উদ্ধার না হওয়ায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ সুনির্দিষ্ট নয় এবং তিন আসামির বয়স্ক বিবেচনায় তাদের ৫০০ টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

এর আগে গত শুক্রবার বেলা ১১টায় সমিতির মতিঝিল অফিসে টাকা চুরি, মারধর ও অফিস ভাঙচুর করে তারা। এ ঘটনায় সমিতির পরিচালক নুরের জামান বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে মতিঝিল থানায় মামলা করেন।

এজাহারে বলা হয়, অভিযুক্তরা তিন লাখ ৫৪ হাজার টাকা নিয়ে যান। তারা সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিতে থাকেন। আসামিদের কিল, ঘুসি, লাথি ও মারধরের ফলে অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা, জখম হন। এ ছাড়া অফিস ভাঙচুরের ফলে এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।