অবশেষে জিতল ল্যাম্পার্ডের চেলসি

দ্বিতীয় মেয়াদে চেলসির কোচ হিসেবে ফেরার পর অবশেষে জয়ের স্বাদ পেলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৬ ম্যাচ হারের পর প্রিমিয়ার লিগে বোর্নমাউথকে হারিয়েছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।

প্রতিপক্ষের মাঠে শনিবার ৩-১ গোলে জিতেছে চেলসি। ম্যাচের নবম মিনিটেই কনর গ্যালাঘার এগিয়ে দেন দলকে। তবে স্বাগতিকরা ২১তম মিনিটেই সমতা ফেরায় ম্যাচে। গোল করেন মাতিয়াস ভিনিয়া।

প্রথমার্থ ১-১ সমতায় শেষ হয়। ম্যাচের নির্ধারিত সময়ের শেষ ১০ মিনিটে জোড়া গোল আদায় করে চেলসি। ৮২তম মিনিটে বেনোয়া বাদিয়াশিলা ও ৮৬তম মিনিটে জোয়াও ফেলিক্স জাল খুঁজে নেন।

এই জয়ের পরও ৩৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১১ নম্বরে আছে চেলসি। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে বোর্নমাউথ আছে টেবিলের ১৪তম স্থানে।