সেই তো আবার দেখা হলো

বিখ্যাত গানের মতো বলতে হয়, সেই তো আবার দেখা হলো! সব ভুলে কাছাকাছি এলেন সৌরভ গাঙ্গুলি ও ও বিরাট কোহলি।

এর আগে দুই তারকার মধ্যে বাক্যালাপ তো দূরের কথা, সংঘাত লেগে গিয়েছিল। একে অপরের সঙ্গে হাত মেলাননি। সেই ছবি পাল্টে গেল শনিবার রাতে কোটলার মাঠে, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ শেষে।

এদিন সৌরভ এগিয়ে এসে কথা বলেন কোহলির সঙ্গে। তাকে অভিনন্দন জানিয়েছেন ৫৫ রানের ইনিংসের জন্য। যে ইনিংসে প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন কোহলি।

এ ম্যাচের আগে থেকেই সৌরভ ও কোহলিকে নিয়ে ছিল চর্চা। সৌরভ আদৌ কোহলির সঙ্গে কথা বলেন কিনা, সে নিয়ে আগ্রহ ছিল। কিন্তু খেলা শেষে সৌরভ এগিয়ে গিয়ে কোহলির পিঠে হাত রাখেন। যেন মুছে যায় দূরত্ব, সব বিতর্কও।