শাহরুখের বাবার নামে অ্যাটলির ছেলের নাম

অবশেষে জানা গেল তামিল পরিচালক অ্যাটলি কুমার ও তার স্ত্রী প্রিয়ার সন্তানের নাম। রবিবার (০৭ মে) এই তারকা দম্পতি তাদের সন্তানের নাম ‘মীর’ বলে জানান।

সোশালে সন্তানকে নিয়ে একটি ছবি পোস্ট করে প্রিয়া জানান, ‘হ্যাঁ, নামটি মীর। আমাদের ছোট্ট দেবদূতের নাম।’

আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে অ্যাটলির নতুন সিনেমা ‘জওয়ান’। সিনেমাটিতে প্রথমবারের মতো শাহরুখ খানের সঙ্গে কাজ করছেন তিনি। আর তার সন্তানের নামেও রয়েছে শাহরুখের সংযোগ। বলিউড বাদশাহর বাবার নাম যে মীর তাজ মোহাম্মদ খান!

আর তা নিয়েই এখন চলছে জল্পনা। নেটিজেনরা বলছেন, শাহরুখের বাবার নাম থেকেই সন্তানের নাম নিয়েছেন তারকা দম্পতি।

গত ৩১ জানুয়ারি প্রথমবারের মতো সন্তানের বাবা-মা হন অ্যাটলি-প্রিয়া। এর আগে ২০১৪ সালের ৯ নভেম্বর চেন্নাইয়ে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন তারা।