প্রথম খেলোয়াড় হিসেবে লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে টানা ৯ ম্যাচে গোল করার নজির গড়েছেন মোহামেদ সালাহ। সেই সঙ্গে অ্যানফিল্ডে গোলের সেঞ্চুরিও পূরণ করেছেন মিসরিয় তারকা। এমন কীর্তির পর এই স্ট্রাইকার করেছেন, এভাবেই গোল এবং রেকর্ড করে যেতে চান তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১-০ গোলে জেতে লিভারপুল। ১৩তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন সালাহ। আর তাতেই গড়েন একাধিক রেকর্ড।
ম্যাচ শেষে সালাহ বলেন, ‘আমি কেবল রেকর্ড ভাঙতে, গোল করতে এবং দলের জন্য ম্যাচ জিততে অনুপ্রাণিত। আমি আগেও বলেছি, আমি এখানে নিজের বাড়ির মতো অনুভব করি, আমি খুশি।’
অ্যানফিল্ডে রেকর্ড নিয়ে বলেন, ‘সত্যি বলতে এটি এমন কিছু যা নিয়ে আমি গর্বিত, আমি সত্যিই কঠোর পরিশ্রম করি এবং সবাই তা জানে, সবাই সেটা দেখতে পায়।’
লিভারপুলের হয়ে সালাহর গোল সংখ্যা ১৮৬। ক্লাবটির হয়ে সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় স্টিভেন জেরার্ডের সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে তিনি।