মাথিশা পাথিরানা ঠিক যেন লাসিথ মালিঙ্গা! রান আপ থেকে শুরু করে বল করা, সব কিছুতেই যেন নিজ দেশের কিংবদন্তি বোলারকে ছুঁয়ে যান। সেই অ্যাকশন, নিখুঁত ইয়র্কারে বিশ্বের বড় বড় ব্যাটারদের কাবু করেন। তরুণ এই ক্রিকেটার যেমন ইয়র্কার দিতে পারেন, তেমনই বলে আছে প্রচণ্ড গতি। তবে আইপিএলে চেন্নাই কিংসে খেলা শ্রীলঙ্কান তরুণকে কখনো টেস্ট না খেলার উপদেশ মহেন্দ্র সিং ধোনির।
শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আইপিএলে নিজের ক্যারিয়ার সেরা বোলিং করেছেন পাথিরানা। ৪ ওভারে ১৫ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। এখন পর্যন্ত চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচ খেলে তার ঝুলিতে ১২ উইকেট।
মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ শেষে পাথিরানাকে নিয়ে ধোনি বলেন, ‘আমার মনে ওর টেস্ট ক্রিকেট না খেলাই উচিত। তার ধারেকাছে যাওয়া উচিত নয়।’
কেন এমন বললেন ধোনি? ভারতীয় কিংবদন্তির মতে পাথিরানার বোলিং অ্যাকশন খুবই ঝুঁকিপূর্ণ। চাপ পড়লে চোটের কবলে পড়তে পারেন। তখন ক্রিকেটজীবন নিয়েই প্রশ্ন উঠবে। তাই লাল বলের ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন ধোনি।
এমনকি ধোনির মতে পাথিরানার ৫০ ওভারের ক্রিকেটও কম খেলা উচিত, ‘তার উচিত শুধু বড় বড় আইসিসি টুর্নামেন্টেই (৫০ ওভারের ক্রিকেটে) খেলা। কারণ সে এমন একজন, যে খুব একটা বদলাবে না। এই ম্যাচে যা করেছে (মুম্বাই ম্যাচে), সেটিই সে করবে। কাজেই গুরুত্বপূর্ণ সময়ে তাকে কাজে লাগাতে হবে।’