পাকিস্তানের লাহোরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ভারতের বিচ্ছিন্নতাবাদী এবং দেশটির ওয়ান্টেড তালিকাভুক্ত পরমজিৎ সিং পাঞ্জওয়ার নিহত হয়েছেন। নিজ বাসভবনের কাছে হাঁটার সময় গত শনিবার সকালে ‘খালিস্তানপন্থি’ হিসেবে পরিচিত পাঞ্জওয়ারকে বন্দুকধারীরা গুলি করে বলে জানিয়েছে পুলিশ। পাঞ্জওয়ার (৬৩) খালিস্তান কমান্ডো ফোর্স-পাঞ্জওয়ার গ্রুপের প্রধান ছিলেন।
২০২০ সালের জুলাইয়ে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে ভারত তাকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে। আইএসআই, মিলিটারি ইন্টেলিজেন্স (এমআই) এবং কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টসহ (সিটিডি) পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো ঘটনার তদন্তে নেমেছে। ভারতের বাইরে সন্ত্রাসবাদীদের লক্ষ্যবস্তু করার সর্বশেষ ঘটনা এ হত্যাকাণ্ড। চলতি বছরের ফেব্রুয়ারিতে সন্ত্রাসী সংগঠন হিজবুত মুজাহিদিনের স্বঘোষিত কমান্ডার বশির আহমেদ পিয়ার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অজ্ঞাতপরিচয় হামলাকারীদের গুলিতে নিহত হন।