সাভারের পাথালিয়া ইউনিয়ন পরিষদের এক সদস্যকে মারধর করার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে।
গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাঙামাটি এলাকার পানির ট্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইউপি সদস্যের নাম আনোয়ার হোসেন। তিনি পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ও বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের বাসচালক আবদুল মান্নানের ছেলে।
দুই ছাত্রলীগ নেতা হলেন, নৃবিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী সাব্বির হোসেন নাহিদ এবং পদার্থবিজ্ঞান বিভাগের একই ব্যাচের মেহেদী হাসান জয়।
এদের মধ্যে নাহিদ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি এবং মেহেদী সাংগঠনিক সম্পাদক। তারা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেলের অনুসারী।
এর আগে গত শুক্রবার রাতে জুতা পলিশ করতে দেরি হওয়ায় বিশ্ববিদ্যালয় লাগোয়া ইসলামনগর বাজারের এক জুতার দোকানের মালিকের ভাই ও কর্মচারীকে বেধড়ক মারধর করেন নাহিদ ও মেহেদী।
ইউপি সদস্য আনোয়ার হোসেন ওরফে রানা বলেন, শনিবার রাতে ইসলামনগর বাজার থেকে কাজ শেষে মশারি কিনে বাড়ি ফিরছিলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের রাঙামাটি এলাকার পানির ট্যাংকের কাছাকাছি পৌঁছালে তিনটি মোটরসাইকেলে ৬ থেকে ৭ জন এসে আমার পথরোধ করেন। নাহিদ ও মেহেদী ছাত্রদলকে সহযোগিতার অভিযোগ তুলে মারধর করে। পরে বাড়িতে এসে শুনি তারা আমার বাড়িতেও এসেছিল। আমাকে না পেয়ে আমার বাবাকে নানান বিষয়ে হুমকি-ধামকি দিয়ে গেছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তবে নাহিদ ও মেহেদীর ভাষ্য, আনোয়ার হোসেন ক্যাম্পাসে নাশকতার পরিকল্পনা করে আসছেন। এজন্য আমরা তাকে নিষেধ করেছি। মারধর করার মতো ঘটনা ঘটেনি।’