গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত পলাতক একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম মো. আলীম উদ্দিন খান (৭৭)। গতকাল রবিবার কাওরাইদ বেলদিয়া এলাকায় থানা পুলিশের সঙ্গে চালানো যৌথ অভিযানে ধরা পড়েন তিনি।
আলীম উদ্দিন খান ময়মনসিংহের গফরগাঁওয়ের সাদুয়া গ্রামের মৃত আ. গফুর খানের ছেলে। ১৯৭১ সালের যুদ্ধাপরাধের বিচারে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল ২০১৭ সালে ২০ বছরের সাজা দিয়েছিল তাকে। তার পর থেকে তিনি পলাতক ছিলেন।
জানা গেছে, গতকাল দুপুরের পর কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে যান আলীম উদ্দিন খান। এ তথ্য জানতে পেরে সেখানে থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালান অ্যান্টি টেররিজম ইউনিটের সদস্যরা।
শ্রীপুর থানার ওসি এএফএম নাসিম জানান, আলীম উদ্দিন খানকে গ্রেপ্তারের পর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।