ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ পৌঁছে দিতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) আগামী ১৩ মে পর্যন্ত বিদ্যুৎসেবা সপ্তাহ ঘোষণা করেছে। গতকাল রবিবার রাজধানীর কাঁটাবনে ডিপিডিসির প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এর ফলে গ্রাহককে দ্রুত সময়ের মধ্যে নতুন সংযোগ প্রদান, লোড বৃদ্ধি, মিটার ও নাম পরিবর্তন, বিদ্যুৎ বিল সংশোধন, প্রিপেইড মিটারের কার্ড রিচার্জ এবং তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ-সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও সমাধান করা হবে। ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সাবেক সভাপতি প্রকৌশলী মো. আবদুস সবুর।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী এম হাবিবুর রহমান, আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান, পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, আইইবির সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহাদাৎ হোসেন শীবলু ও ভাইস প্রেসিডেন্ট এস এম মঞ্জুরুল হক মঞ্জু।