কঙ্গোর পূর্বাঞ্চলে দক্ষিণ কিভু প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসের ফলে চলতি সপ্তাহে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৪০১ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দক্ষিণ কিভু প্রদেশের গভর্নর থিও এনগওয়াবিদজে কাসি।
এখনো আরো অনেক মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন তিনি। সোমবার এক মেসেজে রয়টার্সকে এ তথ্য জানান তিনি। তবে বিস্তারিত আর কিছু জানাননি থিও।
দেশটিতে বন্যায় ও ভূমিধসে শুক্রবারই অন্তত ১৭৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত ১৬৭ জন নিখোঁজ হিসাবে তালিকাভুক্ত রয়েছে জানিয়েছে আল জাজিরা।
এ ঘটনায় সোমবার কঙ্গোতে জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেডি। এদিকে সরকারি মুখপাত্র প্যাট্রিক মুয়ায়া জানিয়েছেন, মন্ত্রীদের একটি দল মানবিক সহায়তা করতে এই অঞ্চলে ভ্রমণ করতে প্রস্তুত।
দক্ষিণ কিভুতে বন্যা এবং ভূমিধস কোন অস্বাভাবিক ঘটনা নয়। এর আগেও ২০১৪ সালের অক্টোবরে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ৭০০টিরও বেশি বাড়ি ধ্বংস হয়েছিল একই অঞ্চলে। জাতিসংঘের মতে, সে সময় ১৩০ জনেরও বেশি লোক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।
এ ছাড়া গত মাসে, উত্তর কিভু প্রদেশে ভূমিধসের একদিন পর অন্তত ২১ জন নিহত এবং বেশ কয়েকজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।