স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প রাজধানী ঢাকার যানজট নিরসনে নেওয়া হয়েছে। এই প্রকল্পের অ্যালাইনমেন্ট ও র্যাম্পের অবস্থান নির্ধারণে উদ্ভূত জটিলতা নিরসনে সকল অংশীদারদের মতামত এবং তা সমন্বয় জরুরি।
তিনি আজ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সভাকক্ষে ঢাকা মহানগরীতে চলমান সড়ক, রেল ও নৌ পরিবহন অবকাঠামোসংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পসমূহের মধ্যে সমন্বয়ে গঠিত কমিটির প্রথম সভায় সভাপতিত্বকালে এ কথা বলেন।
তিনি আশা প্রকাশ করেন, সকল অংশীদারী প্রতিষ্ঠানসমূহের সহযোগিতামূলক মতামতের ভিত্তিতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের অসামঞ্জস্যগুলো সংশোধনের মাধ্যমে প্রকল্পটি জনবান্ধব ও রাজধানীর যানজট নিরসনে কাঙ্ক্ষিত ভূমিকা রাখবে।
সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, রেলপথ মন্ত্রণালয় সচিব ড. মো. হুমায়ুন কবির, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন, পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. মুশফিকুর রহমান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা।