অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হলো আর্জেন্টাইন সুপার ক্লাসিকো হিসেবে পরিচিত রিভার প্লেট ও বোকা জুনিয়র্সের লড়াই। দুই দলের মুখোমুখি লড়াই নিয়ে বরাবরই উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। তাদের সবশেষ দেখায় যোগ করা সময়ে একটি পেনাল্টি গোলের পর হাতাহাতিতে জড়িয়ে যান খেলোয়াড়রা। যার জেরে রেফারিকে লাল কার্ড দেখাতে হয়েছে সাতজনকে।
আর্জেন্টিনার প্রিমেরা ডিভিশনের ম্যাচে রবিবার মুখোমুখি হয়েছিল রিভার প্লেট ও বোকা জুনিয়র্সে। নিজেদের মাঠে বোকা জুনিয়র্সকে ১-০ গোলে হারায় রিভার প্লেট। ৯৩তম মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন স্ট্রাইকার মিগুয়েল বোর্হা।
এল মনুমেন্তালে উপস্থিত ৮৩ হাজার দর্শকের বেশিরভাগই তখন উচ্ছ্বাসে ফেটে পড়েন। বুনো উল্লাসে মাতেন রিভার প্লেটের খেলোয়াড়রা। এরপরই রিভার প্লেটের খেলোয়াড়দের দিকে তেড়ে যান বোকার আর্জেন্টাইন গোলরক্ষক সের্হিও রোমেরো।
ডাগআউট থেকে মাঠে ঢুকে পড়েন দুই দলের বেঞ্চের খেলোয়াড়রা। শুরু হয়ে যায় হাতাহাতি। কিছুতেই তা থামছিল না। ১৫ মিনিট ধরে চলে এই হাতাহাতি।
পরে রিভার প্লেটের ও বোকার তিন জন করে খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি। লাল কার্ড দেখেন বোকার কোচ হোর্হে আলমিরনও। এই হাতাহাতির ফলে যোগ করা সময়ের স্থায়িত্ব ছিল ১৯ মিনিট!