গাজীপুর সিটি নির্বাচন

আ.লীগের বিদ্রোহী মামুনের মনোনয়নপত্র প্রত্যাহার

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৩৭ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে একজন স্বতন্ত্র মেয়র প্রার্থী ও ২৬ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী। গতকাল সোমবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

বিকেলে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী সংখ্যা ৩২৪ জন। এর মধ্যে মেয়র পদে ৮, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭৭ ও সাধারণ ওয়ার্ডে ২৩৯ জন। ১৫ নম্বর ওয়ার্ডে ফয়সাল আহমেদ সরকার একাই প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

এ নির্বাচনে ৯ জন বৈধ প্রার্থী ছিলেন, তার মধ্যে দুপুরে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল মামুন ম-ল বিপুলসংখ্যক কর্মী-সমর্থক নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি দলের চূড়ান্ত সিদ্ধান্ত মেনে নিয়েছি। আমি আশা করেছিলাম দল নারায়ণগঞ্জের মতো সবাইকে নির্বাচন করার সুযোগ দেবে; তাই প্রার্থী হয়েছিলাম। পরে গাজীপুর সিটির নির্বাচন পরিচালনা কমিটি ও গাজীপুরে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে আমার মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিই।’

রিটার্নিং কর্মকর্তা জানান, আজ মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর এদিন থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীরা হলেনÑ আজমত উল্লা খান (আওয়ামী লীগ), এমএম নিয়াজ উদ্দিন (জাতীয় পার্টি), গাজী আতাউর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. রাজু আহমেদ (জাকের পার্টি), আতিকুল ইসলাম (গণফ্রন্ট)।