নিগারের ব্যাটে শ্বাসরুদ্ধকর জয় বাংলাদেশের

খেলা শেষ হতে তখনও ১২ বল বাকি। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২৫ রান। নারীদের ক্রিকেটে এমন মুহূর্তে জয়ের প্রত্যাশা যে এভারেস্ট জয়ের মতো। তবে সমর্থকদের শঙ্কাকে ভুল প্রমাণ করে দিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। লঙ্কান অধিনায়ক চামারি আথাপাত্তুকে ১৯তম ওভারে ‍তুলোধুনো করেছেন টাইগ্রেস অধিনায়ক। তাতে শেষ ওভারে গিয়ে ১ বল হাতে রেখে শ্বাসরুদ্ধকর এক জয় তুলে নিয়েছেন মাহমুদ ইমনের শিষ্যরা।

কলম্বোতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

টস জিতে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে লঙ্কান মেয়েরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন হার্শিতা সামারাভিক্রামা। এছাড়া অধিনায়ক আথাপাত্তু করেছেন ৩৮ রান।

টাইগ্রেসদের হয়ে ফাহিমা খাতুন ২০ রান দিয়ে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন। ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান নিয়েছেন একটি করে উইকেট।

১৪৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে অধিনায়ক নিগার ও রিতু মনির দায়িত্বশীল ব্যাটে শেষ বলের আগে ৬ উইকেটের জয় নিশ্চিত করে তারা। নিগার সর্বোচ্চ ৭৫ রান করেন। ৫১ বল স্থায়ী তার ইনিংসটি ৭টি চার ও ২টি ছক্কায় সাজানো ছিল। জিতেছেন ম্যাচসেরারার পুরস্কারটিও। রিতু মনি করেন ৩৩ রান।