বিএনপির পররাষ্ট্রবিষয়ক কমিটির আহ্বায়ক ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, 'সরকারের ভোট চুরির প্রকল্প এখন কূটনীতিতে গিয়ে ঠেকেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে ব্যক্তিগত আলাপকে দ্বিপাক্ষিক বৈঠক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। আসলে ঋষি সুনাকের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলাপ ছিল না।'
আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সম্মিলিত ছাত্র যুব ফোরামের উদ্যোগে ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, 'ব্যক্তিগত আলাপকে দ্বিপাক্ষিক বৈঠক হিসেবে চালিয়ে দেওয়ার জন্য যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনারকে দিয়ে স্টেটমেন্ট করিয়েছে। আমাদের কুটনীতিকদের শেষ করে দিচ্ছে। ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের যে কূটনৈতিক শিষ্টাচার আছে, সেটাকেও কি ধ্বংস করে দেবেন? ভোট চুরির প্রকল্প আর কতদিকে নিয়ে যাবেন আপনারা।'
তিনি বলেন, 'সরকারের ভোট চুরির প্রকল্পের কাজ প্রতিদিন চলছে। এই সরকারের অধীনে ভোট চুরির প্রকল্প ভোটের দিন শুরু হয়নি; এটা মাথায় রাখতে হবে। এই ভোট চুরির প্রকল্প এখনো চলছে, এমনকি আজকেও চলছে। প্রতিদিন ভোটাচুরির প্রকল্পের কাজ চলছে। এই যে আমাদের নেতাদের জামিন বাতিল করছে, সবাইকে জেলে ঢুকাচ্ছে, এটাও কিন্তু ভোট চুরিরই একটা প্রকল্পের অংশ। আমাদের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হচ্ছে না, সেটাও ভোট চুরির অংশ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের নামে মামলা এবং দেশে আসতে না দেওয়া, এটাও ভোট চুরি প্রকল্পের একটা অংশ। আমাদের ১৭ জন নেতাকর্মীকে হত্যা করেছে, সেটাও একটি ভোট চুরি প্রকল্পের অংশ।'
সাবেক এই মন্ত্রী বলেন, 'সংবিধান থেকে পঞ্চদশ সংশধনী বাতিল না করলে নির্বাচন হবে না। কারণ সংবিধানের পঞ্চদশ সংশোধনী ভোট চুরির মূল অংশ। এই সংশোধনীর মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে সরকার। তাই এই পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হবে। পঞ্চদশ সংশোধনী রেখে অর্থাৎ এই ভোট চুরির মূল প্রকল্পকে রেখে আগামী নির্বাচন করতে দেওয়া যাবে না।'
স্মরণসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সম্মিলিত ছাত্র যুব ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট নাহিদুল ইসলাম নাহিদ। বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ প্রচার সম্পাদক আমীরুল ইসলাম আলীম প্রমুখ।