বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে (বিডা) এর অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে নতুন ভাবে যুক্ত হলো আরও চারটি নতুন সেবা। ফলে এখন থেকে বিডার ২০টি সেবা এবং অন্যান্য ২২টি প্রতিষ্ঠানের ৪৭ সেবাসহ মোট ৬৭টি সেবা অনলাইন ওএসএস সিস্টেমের মাধ্যমে প্রদান করা সম্ভব হবে।
আজ মঙ্গলবার (৯ মে) বিডার কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বিডার নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) লোকমান হোসেন মিয়া।
এ সময় বিডার ভিআইপি লাউঞ্জ ব্যবহার ও Waiver of Condition 7 প্রদান, যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের সিঙ্গেল প্রসেস (নামের ছাড়পত্র, কোম্পানি নিবন্ধন ও পেমেন্ট) এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দখল সনদ প্রদান মোট চারটি সেবাসমূহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে লোকমান হোসেন মিয়া বলেন, আজ বিডা’র ওএসএস পোর্টালে নতুন চারটি সেবা যুক্ত হওয়ায় এখন বিনিয়োগকারীরা ঘরে বসেই আরো বেশি বিনিয়োগ সেবা পাবেন। অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের সেবা গ্রহণের জন্য বিনিয়োগকারীদের অফিসে আসার কোনো প্রয়োজন নেই। তারা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকেই অতি সহজেই মাত্র ১০ মিনিটের মধ্যেই কাঙ্ক্ষিত সেবা গ্রহণের জন্য আবেদন করতে পারবেন। যদি আবেদনে কোনো কাগজ পত্রের খাতটি থাকে তাহলে তা মোবাইলে এসএমএস বা ইমেইলের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যেই জানিয়ে দেওয়া হবে।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ দুর্দর্শী নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর জাপান সফরের সময়ে মিতসুবিসিসহ সে দেশের শীর্ষ কোম্পানিগুলো বাংলাদেশে বিপুল বিনিয়োগ ও জাপানি কোম্পানিগুলোর জন্য স্পেশাল অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেছে। আমরা দেখেছি সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বাংলাদেশের প্রথম বিজনেস সামিটে অসংখ্য বিদেশি বিনিয়োগকারী ৫০০ ডলার এন্ট্রিফি দিয়ে বিজনেস সামিটে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশে এসেছে। এটাই আমাদের সক্ষমতার পরিচয় প্রাদন করে। তাই বলে আমাদের টার্গেট শুধুমাত্র বিদেশি বিনোয়গ নয়, দেশি বিনিয়োগকারীদের সমান সেবা প্রদানের জন্য আমরা প্রতিশুতিবদ্ধ। লালফিতার দৌরাত্মহীন বিনিয়োগ পরিবেশ ইতোমধ্য আমরা তৈরি করতে সক্ষম হয়েছি, এখন আমাদের সময়ের স্বদব্যাবহার করতে হবে, আমরা স্বল্প সময়ে যত বেশি স্বচ্ছ বিনিয়োগ সেবা প্রদান করতে পারব তত বেশি এগিয়ে যাবে বাংলাদেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য ড. খন্দকার আজিজুল ইসলাম (অতিরিক্ত সচিব)। তিনি বিডা ওএসএস এর মাধ্যমে বিনিয়োগকারীদের সেবা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে মাধ্যমে সেবা প্রদান সফল করে তুলতে হলে সবার সহযোগিতা দরকার। এজন্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে বিনোয়গকারীদের ওএসএসের মাধ্যমে সেবা গ্রহণের জন্য উৎসাহিত করতে হবে। আমাদেরকে প্রযুক্তির সর্বোচ্চ ব্যাবহার করতে হবে।
উল্লেখ্য, বিগত ২৪ ফ্রেরুয়ারি ২০১৯ চালুকৃত অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে বিডা এখন বিনিয়োগকারীদের ২৩টি সংস্থার ৬৭টি সেবা প্রদান করছে এবং বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার ১৫০টির বেশি বিনিয়োগসেবা প্রদানের লক্ষ্যমাত্রা বিডা’র রয়েছে।
অনুষ্ঠানে শুরুতেই বিডার সহকারী পরিচালক আবু জার গিফারী তমালের সঞ্চালনায় বিডার মহাপরিচালক (লোকাল ইনভেস্টমেন্ট প্রমোশন অনুবিভাগ) মুজিব-উল-ফেরদৌস বক্তব্য রাখেন। এ সময়ে বিডার পরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় বিডা ওএসএস হালনাগাদ চিত্র তুলে ধরেন। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হামিদুর রহমান খান, যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের উপনিবন্ধক রণজিত কুমার রায়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উপ প্রধান নগর পরিকল্পনাবিদ আবু ইসা আনসারী, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. মোস্তফা জামাল হায়দার প্রমুখ বক্ত্যব রাখেন এবং বিডা ওএসএস বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বিজনেস অটোমেশনের সিরাজুল ইসলাম অনলাইন ওএসএস সিস্টেমের মাধ্যমে সেবা প্রদানের প্রক্রিয়া প্রদর্শন করেন।