ইসরায়েলে ইউরোপ দিবস উদযাপনে একটি কূটনীতিক অনুষ্ঠান বাতিল করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মূলত ইসরায়েলের কট্টর ডানপন্থি মন্ত্রী ইতামার বেন-গভির এতে অংশ নেবেন, এমন তথ্য জানার পর গোটা অনুষ্ঠানই বাতিল ঘোষণা করে ইইউ। আয়োজকরা জানান, তারা এমন কাউকে জায়গা দিতে চান না, যার মতাদর্শ তাদের মূল্যবোধের বিপরীত। ইইউর পক্ষ থেকে ইসরায়েল সরকারকে কট্টর ডানপন্থি মতবাদে বিশ্বাস করেন না এমন কোনো মন্ত্রীকে ওই আয়োজনে পাঠানোর অনুরোধ করা হয়। এর আগে ইসরায়েলি সরকারের পদধারী প্রতিনিধি হিসেবে বেন-গভির জোর দিয়েই বলেছিলেন, মঙ্গলবারের অনুষ্ঠানে তিনি রীতি অনুযায়ী ভাষণ দেবেন। কট্টরপন্থি এ নেতার অংশগ্রহণের পরিকল্পনার কথা জেনে বেশ কয়েকজন ইইউ প্রতিনিধি ওই অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার হুমকি দেন। পরে ইসরায়েলে নিযুক্ত বেশ কয়েকজন ইইউ রাষ্ট্রদূতের বৈঠকে অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইইউর পদক্ষেপকে ‘অকূটনৈতিক’ এবং ‘কণ্ঠরোধ’-এর চেষ্টা বলে অভিযোগ তুলেছেন কট্টর ইহুদিবাদী নেতা বেন-গভির।