গোপালগঞ্জে ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক জেলে

গোপালগঞ্জে ছাত্রী ধর্ষণ মামলায় সরকারি বঙ্গবন্ধু কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে ওই শিক্ষককে সদর কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায়ের আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাকে জেলহাজতে পাঠান। গত সোমবার রাতে একই কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত রবিবার দুপুরের দিকে ওই ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন ওই শিক্ষক। পরের দিন ছাত্রীর মা গোলাম মোস্তফাকে অভিযুক্ত করে থানায় মামলা করেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি জাবেদ মাসুদ জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করে। এর আগে ওই শিক্ষকের বিরুদ্ধে নারীঘটিত নানা অভিযোগ থাকলেও লাজলজ্জায় কেউ থানায় অভিযোগ করেননি। ওই শিক্ষকের বাড়ি গোপালগঞ্জ পৌরসভার শান্তিবাগ এলাকায়। গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মো. অহিদ আলম লস্কার জানিয়েছেন, বিষয়টি নিয়ে সরকারি কলেজের দায়িত্বরত মহাপরিচালকের সঙ্গে কথা হয়েছে। আশা করছি দ্রুত তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।