সাভারে চাঁদা না পেয়ে ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের পিস্তল ঠেকিয়ে মারধর, টাকা লুট এবং আরেক স্বর্ণ ব্যবসায়ীর দোকান দখল করে ছাত্রলীগের কার্যালয় বানানোর ঘটনায় দৈনিক দেশ রূপান্তরে প্রতিবেদন প্রকাশের পর সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্যাডে সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মাসুম দেওয়ানকে বহিষ্কার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হছে, ‘সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত
থাকার অভিযোগে মাসুমকে (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, সাভার পৌর শাখা) ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হলো এবং কেন আপনাকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার উপযুক্ত কারণসহ জবাব আগামী সাত কর্মদিবসের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।’
এর আগে গত মঙ্গলবার দেশ রূপান্তরে ‘দোকান দখল করে সাভার পৌর ছাত্রলীগের কার্যালয়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। তার আগে সোমবারও দেশ রূপান্তরে ‘চাঁদা না পাওয়ায় ক্ষোভ, অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীকে মারধর ছাত্রলীগ নেতার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।