ভিক্ষুকবেশে চুরি: ৪ সন্দেহভাজনের খোঁজে পুলিশ

ভিক্ষুকের ছদ্মবেশ ধারণ করে রাজধানীর বি‌ভিন্ন বাসায় চু‌রি করা এক‌টি চ‌ক্রের চারজন‌কে খুঁজছে পু‌লিশ। এই চক্রটি রাজধানীর দারুস সালাম থানার দক্ষিণ বিশিল এলাকায় ভিক্ষুকের ছদ্মবেশে বাসায় ঢুকে ল্যাপটপ ও মোবাইল চুরির ঘটনার স‌ন্দেহভাজন।

চু‌রির পর থানায় মামলা দা‌য়েরের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত চার সন্দেহভাজনকে সনাক্ত করেছে পুলিশ। তবে এখনও তাদের নাম-পরিচয় নিশ্চিত হ‌তে পা‌রে‌নি পুলিশ।

চুরির ঘটনায় সনাক্তকৃত দুই নারী ও দুই শিশুকে খুঁজে দিতে তথ্য দিয়ে সহায়তা চেয়েছে দারুস সালাম থানা পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হোসেন জানান, গত ৬ মে সকাল ৮টা থেকে বেলা ১১ টার মধ্যে রাজধানীর দারুস সালাম থানার দক্ষিণ বিশিল রোড নং-১১, বাসা নং-৬/৫এ, ৭ম তলা দক্ষিণ পাশের ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী বাসিন্দা নাহিদুজ্জামান থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৯। মামলায় তিনি একটি ল্যাপটপ ও ওয়ান প্লাস মডেলের মোবাইল চুরির অভিযোগ করেন।

এসআই ব‌লেন, তদন্তের জন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা যায়, দুই নারী ও ২ শিশু ওই বাসায় চুরি করে পালিয়ে যাচ্ছেন। চুরির ঘটনায় তাদের সন্দেহ করা হচ্ছে। আগে পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, পায়ে কারও জুতো নেই। ভিক্ষুক পরিচয়ে একটি শিশু ওই ভবনে উঠে। প্রায় প্রত্যেকটি দরজায় নক করে। কিন্তু দরজা বন্ধ পায়।

সর্বশেষ সপ্তম তলায় উঠার কোনো ফুটেজ আমরা পাইনি। তবে ধারণা করছি সপ্তম তলায় দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে মোবাইল ও ল্যাপটপ চুরি করে নেমে যায় শিশুটি। বেরিয়ে দ্রুত হেঁটে যাবার চারজনের ভিডিও সন্দেহজনক।

পু‌লিশ জানায়, মামলার সুষ্ঠু তদন্তের জন্য ছবি ও ভিডিও ফুটেজে প্রদর্শিত নারী ও শিশুর সন্ধান জানা প্রয়োজন। তাদের সন্ধান কেউ জেনে থাকলে, দারুস সালাম থানার তদন্তকারী অফিসার এসআই নাজমুল হোসেন (০১৬৮৪-০৭৬৮৬৭) অথবা অফিসার ইনচার্জের (০১৩২০-০৪১২৯০) স‌ঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানি‌য়ে‌ছে পৃ‌লিশ।