পাঁচ বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলারের চিরবিদায়

শারীরিক সমস্যায় ভুগছিলেন বেশ কিছু দিন ধরেই। যেতে হয়েছিল হাসপাতালে। সেখান থেকে আর ফেরা হলো না আন্তনিও কারবাহালের। ৯৩ বছর বয়সে প্রয়াত হলেন মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক।

পাঁচটি বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলার কারবাহাল। মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যম তার মৃত্যুর খবর জানায়।

কারবাহাল ১৯৫০ ব্রাজিল বিশ্বকাপ, ১৯৫৪ সুইজারল্যান্ড বিশ্বকাপ, ১৯৫৮ সুইডেন বিশ্বকাপ, ১৯৬২ চিলি বিশ্বকাপ এবং ১৯৬৬ ইংল্যান্ড বিশ্বকাপে খেলেছেন।

১৯৯৮ সাল পর্যন্ত পাঁচটি বিশ্বকাপ খেলা একমাত্র ফুটবলার ছিলেন কারবাহাল। সেবছর জার্মান মিডফিল্ডার লোথার ম্যাথাউস এ রেকর্ডে তার পাশে বসেন। ৩২ বছর পর কোনো সঙ্গী পান কারবাহাল।

পরে পাঁচটি বিশ্বকাপ খেলার রেকর্ডে নিজেদের নাম লিখিয়েছেন রাফায়েল মার্কেস, আন্দ্রেস গুয়ার্দাদো, লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।

কখনো ইউরোপে খেলেননি কারবাহাল। তবে তিনি বলতেন, ১৯৫০ থেকে ১৯৫৪ সালের মধ্যে রিয়াল মাদ্রিদ তাকে প্রস্তাব দিয়েছিল। কিন্তু তিনি মেক্সিকো ছাড়েননি।

পেশাদার ক্যারিয়ারের পুরোটা সময়ই নিজের দেশ মেক্সিকোয় লিগ খেলেছেন কারবাহাল। মেক্সিকান ক্লাব লিওনের হয়ে কাটিয়েছেন গোটা ক্যারিয়ার।

দেশের হয়ে ৪৮ ম্যাচ খেলেছেন কারবাহাল, এর মধ্যে ১১টি বিশ্বকাপ ম্যাচ। ক্লাব পর্যায়ে খেলেছেন ৪০৯ ম্যাচ। ১৮ বছরের ক্লাব ক্যারিয়ারের ১৬ বছরই মেক্সিকান ক্লাব লিওনে খেলেন। ৩৬৪টি ম্যাচ খেলেছেন ক্লাবটির হয়ে।