এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় ভারতের মাটিতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপেও অংশগ্রহণ না করার হুমকি দিয়ে রেখেছিল পিসিবি। তবে শেষ মেষ সুর নরম হচ্ছে বলেই খবর।
ক্রিকবাজ জানিয়েছে, এশিয়া কাপ নিয়ে অস্থিরতার মধ্যেই বিশ্বকাপ খেলতে ভারত সফরে যেতে সম্মত হয়েছে পাকিস্তান। বিশ্ব আসরে ১৫ অক্টোবর ভারতের সঙ্গে তাদের হাইভোল্টেজ ম্যাচটি হবে আহমেদাবেদ।
বিশ্বকাপের চূড়ান্ত সূচি এখনো প্রকাশ করেনি আয়োজক ভারত ও আইসিসি। তবে আভাস পাওয়া যাচ্ছে চলমান আইপিএল এর পরপরই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্ট চলতে পারে বলে ক্রিকবাজের খবরে বলা হয়েছে। ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড।
শুরু যেখানে, শেষটাও সেখানেই হবে টুর্নামেন্ট। অর্থাৎ আগামী ১৯ নভেম্বর ফাইনালও হবে আহমেদাবাদেই। ১ লাখ ৩২ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামেই অধিক আয়ের লক্ষ্যে ১৫ অক্টোবর, রবিবার ভারত-পাকিস্তান ম্যাচটি আয়োজন করতে চায় আয়োজকরা।
এশিয়া কাপে ভারতের ম্যাচে অন্য কোনো দেশে আয়োজনের প্রস্তাবনায় শ্রীলঙ্কা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাজি হয়নি বলে জানা গেছে। শেষপর্যন্ত এই টুর্নামেন্ট শ্রীলঙ্কায় যেতে পারে, আর না হয় বাতিল হয়ে যাবে। বুধবার এ ব্যাপারে দুবাইয়ে সিদ্ধান্ত হবে।
পাকিস্তান সর্বশেষ শর্ত দিয়েছে, ২০২৫ এ তাদের দেশে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অংশ নেবে বলে লিখিত দিলেই বিশ্বকাপে অংশ নেবে তারা। তবে শেষপর্যন্ত বিশ্বকাপে অংশ নেয়ার ব্যাপারে সুর নরম করেছে বলেই খবর।
আহমেদাবাদ ছাড়া তাদের বাকি ম্যাচগুলো হবে হায়দরাবাদ, চেন্নাই ও বেঙ্গালুরুতে। মুম্বাই একটি সেমিফাইনাল আয়োজনের সুযোগ পেতে পারে।
১০টি দল লিগ ভিত্তিক প্রথম পর্বে ৯টি করে ম্যাচ খেলবে। ১০ দলের ৮টি ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছে- ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।
উইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নেপাল, ওমান, স্কটল্যান্ড, আরব আমিরাত ও জিম্বাবুয়ে জুন-জুলাইয়ে একটি প্লে-অফ টুর্নামেন্ট খেলবে, যেখান থেকে দুটি দল চূড়ান্তপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।