যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুনকে মারধরের ঘটনার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিল শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা।

গতকাল বুধবার দুপুর ২টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান নেন আন্দোলনকারীরা। তারা বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি সুপারভাইজার ও কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদলের স্থায়ী বহিষ্কার চেয়ে সেøাগান দিতে থাকেন। এ সময় বক্তারা বাদলসহ অভিযুক্তদের ক্যাম্পাস থেকে দ্রুত সময়ের মধ্যে স্থায়ী বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবি জানান। পরে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে বলেন, ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িক বহিষ্কার করেছে। ১৩ মে রিজেন্ট বোর্ডে বিষয়টি উপস্থাপন করা হবে।