সরকারবিরোধীদের ঈদ আড্ডায় জি এম কাদের

বাংলাদেশ কল্যাণ পার্টির আয়োজনে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর ঈদ আড্ডায় অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

আজ বৃহস্পতিবার গুলশানের একটি রাজনৈতিক দলের ঈদ আড্ডা অনুষ্ঠানে তারা অংশ নেন।

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকের সভাপতিত্বে ও দলটির যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল হাসান সাকীবের সঞ্চালনায় ঈদ আড্ডায় অংশ নিয়ে তারা সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা সবাই অপেক্ষা করছি পরিবর্তনের জন্য। অপেক্ষা করছি সত্যিকার অর্থে এটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করার জন্য।

তিনি বলেন, এই ঈদ আড্ডা অনুষ্ঠানের মধ্য জাতির মনে আশা তৈরি হলো। এখানে প্রধান প্রধান রাজনৈতিক নেতৃবৃন্দ জেনারেল মুহাম্মদ ইবরাহিমের ডাকে সাড়া দিয়েছেন। এক সাথে আড্ডা দিতে এসেছেন। এই আড্ডা সব দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আড্ডা মনকে প্রফুল্ল করে। এখানে রাজনৈতিক আড্ডা হচ্ছে। আশা করি আড্ডাটা নতুন করে আশা তৈরি করবে।

তিনি আরও বলেন, যিনি গণতন্ত্রের জন্য সবসময় আন্দোলন করেছেন সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ কারাগারে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে নির্বাসিত। লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, রাজনৈতিক নেতারা কারও প্রতিপক্ষ নন, একে অপরের যেন শত্রু হয়ে দাঁড়িয়েছে। আমরা একে অপরের প্রতি সহনশীল হতে হবে। সামাজিক ভাবে আমাদের কাজ করতে হবে। তাহলে দেশের রাজনীতিতে আগামীতে সুবাতাস বইবে। আমরা দেশের রাজনীতিতে কাজ করে যাচ্ছি, কাজ করে যেতে চাই।

কল্যাণ পার্টির ঈদ আড্ডা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণ ফোরামের সভাপতি মোস্তফা মহসীন মন্টু, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, এনপিপির চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, জাগপার চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ মাইনরিটি পার্টির চেয়ারম্যান সুকৃতি মন্ডল, বিকল্পধারার চেয়ারম্যান ড নুরুল বেপারী, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, সাংবাদিক নেতা কবি আব্দুল হাই শিকদার, কাদের গণি চৌধুরী, শহিদুল ইসলাম, সরদার ফরিদ প্রমুখ উপস্থিত ছিলেন।