অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দুই দলই আগের ম্যাচের একাদশটাই ধরে রেখেছে। অর্থাৎ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে দুই দল।

চেমসফোর্ডে শুক্রবার নির্ধারিত সময়ের দুই ঘণ্টারও বেশি সময় পর শুরু হচ্ছে খেলা। বাংলাদেশ সময় ৬টায় ম্যাচ মাঠে গড়াবে। টস হয়েছে সাড়ে ৫টায়।

টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিং পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। খেলা হবে ৪৫ ওভারে।

বৃষ্টিতে প্রথম ওয়ানডে পণ্ড হয়েছিল। প্রথমে ব্যাট করা বাংলাদেশের ইনিংসের পুরো খেলাই হয়েছিল। তবে আইরিশদের ইনিংস চলাকালে বৃষ্টি হানা দেয়।

২৪৭ রানের লক্ষ্যে খেলতে নামা আয়ারল্যান্ডের ইনিংসের ১৭তম ওভারে বৃষ্টি নামে। তাতে বন্ধ হয়ে যায় ম্যাচ। তখন পর্যন্ত আইরিশদের সংগ্রহ ১৬.৩ ওভারে ৬৫/৩। এরপর আর বল মাঠে গড়ায়নি।

মূলত বৃষ্টির শঙ্কায় আয়ারল্যান্ড সিরিজটি নিজেদের মাঠে খেলছে না। ভেন্যু হিসেবে ইংল্যান্ডের চেমসফোর্ডকে বেছে নিয়েছে। কিন্তু সেখানেই বৃষ্টি পিছু ছাড়ছে না।

একাদশ

বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড: পল স্টার্লিং, স্টিভেন ডোহেনি, অ্যান্ড্রু বালবার্নি, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, জশ লিটল ও গ্রাহাম হিউম।