পিএসজির একাদশে ফিরছেন মেসি

লিগ ওয়ানে আজাকসিওর বিপক্ষে পিএসজির শনিবারের ম্যাচে খেলবেন লিওনেল মেসি। শুক্রবার ম্যাচপূর্ব সংবাদসম্মেলনে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

পিএসজি কোচ বলেন, ‘তার (মেসি) মানসিকতা বোঝার জন্য মঙ্গলবার আমি তার সঙ্গে কথা বলেছি এবং আমি বুঝেছি সে খেলার জন্য খুবই দৃঢ়প্রতিজ্ঞ। সে শুরুর একাদশে থাকবে।’

গত মাসের শেষ দিকে লরিয়ঁর বিপক্ষে ৩-১ গোলে হারার পরদিন দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি মেসি। স্বপরিবারে সৌদি আরবে যান। মধ্যপ্রাচ্যের দেশটির পর্যটনের শুভেচ্ছাদূত এই মহাতারকা।

এরপরই মেসিকে নিষিদ্ধ করে পিএসজি। নিষিদ্ধ থাকার সময়ে তিনি ম্যাচ বা অনুশীলন করতে পারবে না বলে জানিয়েছিল পিএসজি।

তবে এরপর মেসি ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে ভিডিও পোস্ট করেন। নিষেধাজ্ঞা থাকায় গত রবিবার তোয়ার বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচ না খেললেও গত সোমবার তিনি ক্লাবের অনুশীলনে যোগ দেন। এরপরই জল্পনা শুরু হয়, মেসির নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

তবে ক্লাব থেকে কিছু জানানো হচ্ছিল না। আজাকসিওর বিপক্ষে ম্যাচের আগে পিএসজি কোচের কথা পরিস্কার হয়ে গেল, মেসির নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে আগেই। এখন ফের ক্লাবের হয়ে মাঠে নামার পালা তার।