নাজমুল হোসেন শান্তর উদযাপনটা হলো বাধ ভাঙা। হবেই তো! ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি বলে কথা। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত ব্যাটিংয়ে শতক হাঁকালেন এই বাঁহাতি।
চেমসফোর্ডে শুক্রবার আইরিশদের বিপক্ষে ৮৩ বলে সেঞ্চুরি পূরণ করেন শান্ত। ১১টি চার ও ২ ছক্কায় আরাধ্য সেঞ্চুরিটা ধরা দিয়েছে তার।
২৩তম ওয়ানডেতে এসে সেঞ্চুরির স্বাদ পেলেন তিনি। টেস্টে অবশ্য শান্তর দুটি সেঞ্চুরি রয়েছে।
শান্তর পাশাপাশি এদিন দারুণ খেলছেন তাওহিদ হৃদয়। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন তিনি। ৫৮ বলে ৬৮ রানের ইনিংস উপহার দিয়েছেন তিনি।
বৃষ্টিতে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশকে ৩২০ রানের লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড। যা তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৪ ওভারে ২৩২/৪।
শান্ত ১০৩ রানে অপরাজিত। ৩৪তম ওভারে শেষ বলে ফিরে গেছেন তাওহিদ হৃদয়। চতুর্থ উইকেটে শান্তর সঙ্গে যোগ করেছেন ১০২ বলে ১৩১ রান। তাতেই বাংলাদেশ পাহাড় রান তাড়ায় দারুণ খেলছে এখন পর্যন্ত।
যদিও শুরুটা খুব একটা ভালো ছিল না বাংলাদেশের। ওপেনার তামিম ইকবাল ১৩ বলে ৭ রানেই ফিরে যান। লিটন দাসের ব্যাট থেকে আসে ২১ বলে ২১।
৪০ রানে ২ উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন শান্ত ও সাকিব আল হাসান। তৃতীয় উইকেটে দুজন ৪৭ বলে ৬১ রান যোগ করেন। সাকিব ২৭ বলে ৫ চারে ২৬ রান করে ফিরেছেন।