শৈলকুপায় ঘুমন্ত অবস্থায় পুড়ে বৃদ্ধার মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ফুলি বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে তার মৃত্যু হয়। ফুলি বেগম ওই গ্রামের খেলাফত শেখের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

গ্রামবাসী জানান, খেলাফত শেখের গরুর গোয়ালঘরে শুক্রবার ভোররাত ৪টার দিকে আগুন লাগে। পরে গ্রামবাসী এসে আগুন নেভায়। গোয়ালঘরের পাশেই একটি ঝুপড়িতে থাকতেন ফুলি বেগম। গোয়ালঘরে লাগা আগুন ফুলি বেগমের ঝুপড়িতে ছড়িয়ে পড়লে তিনি দগ্ধ হন। সকাল ৭টার দিকে তিনি মারা যান।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, গোয়ালঘরে জ¦ালানো কয়েলের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।