শেখ হাসিনার বিদায়ের ধ্বনি বাজছে : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘চারদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ের ধ্বনি বাজছে। বিদায় নেওয়ার আগে শেষ চেষ্টা হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মামলা দেওয়া হয়েছে। জিয়াউর রহমানকে হুকুমের আসামি করা হয়েছে।’

গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ঢাকা-১২ আসনের বিএনপি দলীয় প্রার্থী এবং যুবদলের সদ্য সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ কারাবন্দি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ঢাকা-১২ আসন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে রিজভী বলেন, ‘সাইফুল আলম নীরবকে ২৪ ঘণ্টা লকআপে রাখা হচ্ছে। জেলখানাই তো একটা লকআপ। তার মধ্যে আরেক লকআপে নিষ্ঠুর জেলজীবন কাটাচ্ছে সাবেক এই যুবদল সভাপতি। কারাগারের মধ্যে মুক্তভাবে কারও সঙ্গে কথা বলতে পারবে না। কী অপরাধ করেছে সে? সে তো ক্যাসিনো চালায়নি, সন্ত্রাসী কর্মকা- করেনি।’