বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরু বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাতিয়ার পাশের মেঘনা নদী ও তার মোহনায় এবং বঙ্গোপসাগরে অবস্থানরত সকল নৌযানসমূহ বন্ধ থাকবে।
ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে হাতিয়ায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। গঠন করা হয়েছে মেডিকেল ১২টি টিম। ২৪২টি আশ্রয়কেন্দ্র ও তিন হাজার ৬০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে।
এদিকে শনিবার (১৩ মে) সকাল দশটা পর্যন্ত হাতিয়ায় মোখার প্রভাব লক্ষ করা যায়নি। তবে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়।
হাতিয়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক বদিউজ্জামান বলেন, হাতিয়ায় সিপিপির ১৭৭ ইউনিটের তিন হাজার ৬০০ সদস্যকে লাইফ জ্যাকেট, গাম বুট ও রেইনকোটসহ ১৪ রকম সরঞ্জাম বিতরণ করা হয়েছে।