বাখমুত পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

কয়েক মাস ধরে তুমুল লড়াইয়ের পর রাশিয়ান সেনাবাহিনীর কাছ থেকে ইউক্রনের যুদ্ধবিধ্বস্ত শহর বাখমুত পুনরুদ্ধারের দাবি জানিয়েছে ইউক্রেন।

গেলো এক সপ্তাহে এক মাইলেরও বেশি অগ্রসর হয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে কিয়েভ। যদিও এ খবর অস্বীকার করেছে রাশিয়া, একটি এলাকায় পুনরায় সংগঠিত হচ্ছে রাশিয়ান সৈন্যরা জানিয়েছে দেশটি।

শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এ খবর জানায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওর বরাতে বিবিসি নিউজ জানায়, বাখমুত শহরের শুরু থেকে প্রায় ৫৬ মাইল দূরে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। অর্থাৎ ধারণা করাই যায় যে বাখমুতের ২ কিলোমিটার এলাকা সম্ভবত ইউক্রেনীয় বাহিনী পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।

কিয়েভের হাতে নিয়ন্ত্রণের বিষয়টি বাখমুতে একটি গতি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

অপরদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বাখমুতের একটি এলাকায় কৌশলগত কারণে তাদের সৈন্যরা নিজেদের অবস্থান পরিবর্তন করেছে। বলা হচ্ছে, রুশ বাহিনীর দক্ষিণ গ্রুপের ইউনিটগুলো মালোইলিনিভকা এলাকায় আরও ভালো প্রতিরক্ষামূলক অবস্থান নিয়েছে

সম্প্রতি ইউক্রেনকে দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের কথা জানিয়েছে যুক্তরাজ্য। বিশেষ ধরনের এই ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ২৫০ কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে হামলা চালাতে পারে।

এদিকে রুশ-নিয়ন্ত্রিত লুহানস্ক শহরে শুক্রবার দুই দফা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে শহর থেকে কালো ধোঁয়া উঠছে।

ক্রেমলিনে রাশিয়ার নিযুক্ত কর্মকর্তারা বলেছেন যে লুহানস্কে ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ান সংসদ সদস্য ভিক্টর ভোদোলাটস্কির পাশাপাশি ছয় শিশু আহত হয়েছে। এই হামলার জন্য কিয়েভকে দায়ী করেছে তারা।