কাকে ফ্লাইং কিস? শান্ত বললেন ‘বলা যাবে না'

নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর করে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। শান্ত পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারে তার প্রথম সেঞ্চুরির দেখা। সেঞ্চুরি পূরণের পর তাকে বাধ ভাঙা উচ্ছ্বাসে মাততে দেখা গেছে। দিয়েছেন ফ্লাইং কিসও (উড়ন্ত চুমু)। কিন্তু কাকে উদ্দেশ্য করে এ ফ্লাইং কিস তার?

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মনের দুয়ার খুলে দিয়েছিলেন শান্ত। একটা সময় রানে ছিলেন না বলে অনেক সমালোচনা সইতে হয়েছে তাকে। সেসব নিয়েও কথা বলেছেন। তবে ফ্লাইং কিসটা কার উদ্দেশ্যে, এ কৌতূহল মেটাননি তিনি।

সাংবাদিকেরা এ নিয়ে প্রশ্ন করলে শান্ত হেসে বলেছেন, ‘এটা বলা যাবে না’।

চেমসফোর্ডে শুক্রবার ৯৩ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১১৭ রানের ইনিংস খেলেন শান্ত। ২৩তম ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি পেলেন তিনি। টেস্টে অবশ্য দুটি সেঞ্চুরি রয়েছে তার।

শান্তর ব্যাটে ভর করে আইরিশদের দেওয়া ৪৫ ওভারে ৩২০ রানের লক্ষ্য তাড়া করে জেতে বাংলাদেশ। ৩ বল হাতে থাকতে ৩ উইকেটের জয় নিশ্চিত হয় টাইগারদের। শান্তর সঙ্গে তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিমও খেলেছেন দারুণ। আইরিশ ব্যাটার হ্যারি টেক্টরের ১১৩ বলে ১৪০ রানের ইনিংস তাই বৃথা গেছে।