কাল থেকে টিসিবিতে ৭০ টাকায় চি‌নি ১১০ টাকায় সয়াবিন তেল

রবিবার (১৪ মে) সকাল ১০টায় রাজধানীর মেরুল বাড্ডা বৌদ্ধ ম‌ন্দিরের পা‌শে সিরাজ‌ মিয়া ম‌ডেল স্কুল মা‌ঠে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

দেশব্যাপী মাসজুড়ে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এর মাধ্যমে ৭০ টাকায় প্রতি কে‌জি চি‌নি ও ১১০ টাকা লিটারে বোতলজাত সয়াবিন তেল কিনতে পারবেন নিম্ন আয়ের মানুষ। এর সঙ্গে ন্যায্যমূল্যে মসুর ডালও বিক্রি করবে টিসিবি। রবিবার থেকে টিসিবি এ কার্যক্রম শুরু করবে।

আজ শ‌নিবার (১৩ মে) এসব তথ্য নিশ্চিত করেন টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির।

সরকারি সংস্থাটি জানিয়েছে, নিম্ন আয়ের এক কোটি ফ্যামিলি কার্ডধারী উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি ও ডাল) পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে টিসিবি ঢাকা মহানগরীসহ সারা দেশে এ বিক্রয় কার্যক্রম আগামী রবিবার (১৪ মে) থেকে শুরু করবে।

রবিবার সকাল ১০টায় রাজধানীর মেরুল বাড্ডা বৌদ্ধ ম‌ন্দিরের পা‌শে সিরাজ‌ মিয়া ম‌ডেল স্কুল মা‌ঠে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

এই বিক্রয়কার্যক্রম ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।

একজন ফ্যামিলি কার্ডধারী ৭০ টাকা কেজি দামে সর্বোচ্চ এক কেজি চিনি, ৭০ টাকা কেজি দামে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও ১১০ টাকা লিটার দামে দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। শুধু মহানগর এবং আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাগুলো এ বিক্রয়কার্যক্রম পরিচালনা করবে।