স্মার্ট ঢাকা গড়তে কাজ করছি

স্মার্ট ঢাকা গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। দায়িত্ব পালনের তিন বছর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গতকাল বেলা ১১টায় গুলশান-২ নগর ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় মেয়র তার দায়িত্ব গ্রহণের তিন বছরে ডিএনসিসির অগ্রগতির সার্বিক চিত্র ও আগামী দুই বছরের কর্মপরিকল্পনা তুলে ধরেন।

ডিএনসিসি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন। আর সেই স্মার্ট বাংলাদেশের রাজধানী ঢাকা হবে স্মার্ট সিটি। স্মার্ট ঢাকা গড়তে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

মেয়র আতিকুল বলেন, সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার প্রত্যয় নিয়ে তিন বছর আগে দায়িত্ব গ্রহণ করি। এ সময়ে জনগণের প্রতি দায়বদ্ধ থেকে নগরের সেবক হিসেবে কাজ করার চেষ্টা করেছি। তিন বছর আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলোর মধ্যে অনেকটা বাস্তবায়ন করেছি এবং কিছু কাজ বাস্তবায়ন করতেও পারিনি। করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য অনেকটা বাধাগ্রস্ত হয়েছি। তবে ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সব প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করব।

তিনি বলেন, ‘ইতিমধ্যে ডিএনসিসিতে অনলাইনে সেবা প্রদানের পরিধি বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। অনলাইনে ট্রেড লাইসেন্স প্রদানের পাইলটিং সম্পন্ন করা হয়েছে। জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে তা উদ্বোধন করা হবে।’

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘কাউন্সিলরদের সহায়তায় আমরা কাজ করছি। নগরবাসীকে সম্পৃক্ত করে ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে পারব। এই তিন বছরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের যত ধরনের সফলতা আছে তার সব কৃতিত্ব জনগণের। আর সেই সঙ্গে যত ব্যর্থতা আছে তা আমার।’ এ সময় কল্যাণপুর রিটেনশন পন্ডে হাইড্রো ইকো পার্ক নির্মাণের পরিকল্পনায় কী কী থাকছে তা তুলে ধরেন।

রাস্তার সিগন্যালগুলোকে অটো করা যায় কি না এমন প্রশ্নের জবাবে বলেন, ‘বিশ্বের বেশিরভাগ দেশে এখন আর সিগন্যাল হাতে চলে না। শুধুমাত্র আমাদের দেশের সিগন্যাল হাতে চলে। ট্রাফিক সিগন্যাল ইস্যু নিয়ে চলতি মাসে মিটিংয়ে বসব। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নিয়ে টেকনিক্যাল সমাধান নিয়ে কাজ করব। আমরাও খুব শিগগিরই ট্রাফিক সিগন্যালকে ডিজিটালে রূপান্তরিত করব।’

তিনি বলেন, বিদেশ থেকে একটি সফটওয়্যার নিয়ে এসেছি। লেনভিত্তিক কাজ পরিচালনার জন্য এ সফটওয়্যার কাজ করবে। যদি কেউ লেন অমান্য করে অথবা অতিরিক্ত গতিতে যদি গাড়ি চালায় তাহলে তার গাড়ির নম্বর পর্যালোচনা করে তার বাড়ির ঠিকানায় জরিমানার সিøপ চলে যাবে। উন্নত দেশের মতো এমন সিস্টেম উত্তর সিটিতে দ্রুতই চালু হবে।

অন্যদের মধ্যে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, কাউন্সিলররা এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। গত ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন আতিকুল ইসলাম। ওই নির্বাচনে বিজয়ী হয়ে ডিএনসিসির মেয়র হন তিনি। পরে ওই বছরের ২৭ ফেব্রুয়ারি ডিএনসিসি মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন। পরবর্তী সময়ে একই বছরের ১৩ মে দ্বিতীয় মেয়াদেও দায়িত্ব গ্রহণ করেন।